নিজস্ব প্রতিবেদক : প্রশান্ত তখন ছোট। দাঙ্গা ও দেশভাগের বিষয়টি প্রশান্ত তখনও বোঝে না। একদিন রাতে বাবা-মা’র সঙ্গে তাকেও মাতৃভূমি পূর্ব পাকিস্তান ছেড়ে চলে যেতে হয় ভারতে। যাবার সময় তাকে হাতছানি দিয়ে ডাকে তার ছোট্ট বন্ধুরা। বাগানের আম-কাঁঠাল, লিচু গাছের সবুজ পাতা, সবুজ বনের পাখি পুকুরঘাট এসব তাকে আকড়ে ধরে রাখতে চায়। তবুও প্রশান্তকে ছেড়ে যেতে হলো সাত পুরুষের ভিটামাটি।
প্রশান্ত প্রায় ভুলেই গিয়েছিল পুরনো দিনের কথা। কিন্তু বাবার বন্ধু ইয়াসমিন চাচার চিঠি তাকে আবার টেনে আনে বাংলাদেশের নরসিংদিতে তার গ্রামের বাড়িতে। তাঁর ইচ্ছেও ছিল চিরবিদায়ের আগে একবার যেন মাতৃভূমির মাটিতে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে পারেন। পূর্বপুরুষের জমানো মোহরের টানে নয় বরং ফেলে রেখে যাওয়া যাওয়া স্মৃতিগুলোর টানে বাংলাদেশের এসে প্রশান্তর হৃদয়ে যে অনুভব এবং মাতৃভূমির প্রতি তার যে দরদ তা নিয়েই ‘বুকের ভেতর বাংলাদেশ’ গ্রন্থে উপস্থাপন করেছেন ওপার বাংলা জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার।
৮৭ পৃষ্ঠার এ উপন্যাসটি প্রকাশ করেছে আবিস্কার প্রকাশনী। বইটির মূল্য একশ ৫০ টাকা। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটি উৎসর্গ করা হয়েছে অ্যামেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে।

