স্পোর্টস ডেস্ক : বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ হওয়ায় দুই দলকেই দেয়া হয়েছিল সমান ৫টি করে পয়েন্ট। আজ (মঙ্গলবার) পূর্ণ ১০ পয়েন্টের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল।
আয়াল্যান্ডের মালাহিডের দ্য ভিলেজ মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের একাদশ থেকে বাদ দিয়েছে ডানহাতি পেসার লুঙ্গি এনগিডিকে। তার জায়গায় এসেছেন গতিতারকা এনরিচ নর্টজে।
অন্যদিকে আইরিশ একাদশেও এসেছে একটি পরিবর্তন। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া প্রথম ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলা উইলিয়াম পোর্টারফিল্ডের জায়গায় তারা নিয়েছেন কার্টিস ক্যাম্পারকে। এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেননি অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৪৯ রান। পল স্টারলিং ৩১ বলে ১৭ ও ব্যালবার্নি ২৯ বলে ৩১ রানে অপরাজিত রয়েছেন। এরই মধ্যে দুইবার জীবন পেয়েছেন স্টারলিং। একটি রিভিউ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি ব্যালবার্নি, পল স্টারলিং, হ্যারি ট্যাক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, সিমি সিং, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক এডায়ার, ক্রেইগ ইয়ং, জশ লিটল।
দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কাইল ভেরনাইন, আন্দিল ফেলুকায়ো, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে এবং তাবরাইজ শামসি।

