স্পোর্টস ডেস্ক : চলতি উইম্বলডনেই কী তবে ইতিহাস তৈরি করে ফেলবেন নোভাক জকোভিচ! ক্যারিয়ারের ২০তম গ্রান্ড স্ল্যাম জয়ের দিকে ভালোভাবেই এগিয়ে চলেছেন সার্বিয়ান এই তারকা।
এবারের উইম্বলডন জিততে পারলেই তিনি রজার ফেদেরার এবং রাফায়েল নাদালকে স্পর্শ করে ফেলবেন। সদ্য ফ্রেঞ্চ ওপেন জিতে অল ইংল্যান্ড টেনিস ক্লাবে পা রাখা জকোভিচ দ্বিতীয় রাউন্ডেও ছিলেন চরম আত্মবিশ্বাসী। দ্বিতীয় রাউন্ডে কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে সহজ জয় নিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেলেন নোভাক।
প্রসঙ্গতঃ প্রথম রাউন্ডে অবাছাই, র্যাংকিংয়ে ২৫৩ নম্বরে থাকা জ্যাক ড্রাপারের বিরুদ্ধে প্রথম সেটে হারার পরে কার্যত রুদ্রমূর্তি ধারন করে তাকে চার সেটের লড়াইয়ে পর্যদুস্ত করেছিলেন ‘জোকার’। যদিও দ্বিতীয় রাউন্ড জিততে বেশি ঘাম ঝরাতে হয়নি তাকে।
কোর্টে পা পিছলে পড়ে পাওয়া চোটর কারণে বিদায় জানাতে বাধ্য হন আমেরিকার তারকা সেরেনা উইলিয়ামস। বুধবার (৩০ জুন) সেন্টার কোর্টে সেই ঘটনা জকোভিচের ম্যাচে একাধিকবার ঘটছিল। স্বাভাবিকভাবেই তার চোটগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা ভেবে আতঙ্কিত হচ্ছিলেন সমর্থকরা।
তবে বার বার পা পিছলে পড়লেও জকোভিচ কোন চোট পাননি। উল্টো প্রতিপক্ষের বাধা কাটিয়ে সহজেই তৃতীয় রাউন্ডে উঠে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে হারান তিনি।
উল্লেখ্য, দুই তারকার সাক্ষাতে প্রতিবার অ্যান্ডারসনকে হারানোর ধারা অব্যাহত রাখলেন নোভাক। ২০১৮ সালের উইম্বলডনের ফাইনালও এর মধ্যে রয়েছে। পুরো ম্যাচে জোকারের বিরুদ্ধে একবারও ব্রেক পয়েন্ট পাননি অ্যান্ডারসন। মাত্র ছ’টি আনফোর্সড এরর করেছেন নোভাক।

