নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সহযোগিতা চান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘২০ দলীয় জোটের হরতালের কারণে পরীক্ষা পেছাতে বাধ্য হয়েছি। আশা করি তারা আর হরতাল দেবেন না এবং তাদের কর্মসূচিও বাড়াবেন না। পরীক্ষা অনুষ্ঠানের জন্য বেগম খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের সহযোগিতা চাই আমি।’
নাহিদ বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের সময় বাড়ানোর কারণে আগামীকাল বুধবারের পরীক্ষা ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।’
শুক্রবার হরতালে দেয়া হলে পুরো পরীক্ষার সময়সূচি পরিবর্তন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ অনুমানভিত্তিক কিছু বলা যাবে না। দেশের এক তৃতীয়াংশ মানুষ পরীক্ষার কারণে অ্যাফেক্টেড। তাই আমাদের আবেদন তারা বিবেচনা করবেন না এটা হতেই পারে না।’
ব্রিফিংয়ের শুরুতে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম বিএনপি জোট বৃহস্পতিবার পর্যন্ত হরতাল বাড়িয়েছে। এটা জাতির জন্য দুঃখজনক।’
তিনি বলেন, ‘হরতাল অবরোধের কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। এর এফেক্ট তাদের মনে বহুদিন পর্যন্ত থাকবে। তাদের ভবিষ্যত দুর্বল হয়ে পড়বে।’
খানিকটা হতাশা প্রকাশ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আশা করেছিলাম এসএসসি পরীক্ষা সঠিক সময়ে হবে। কিন্তু বিএনপির হরতাল অবরোধের কারণে সেটা সম্ভব হলো না।’

