স্পোর্টস ডেস্ক : বরাবর ডিপ থার্ডে খেলে অভ্যস্থ লিওনেল মেসি।
নিজ দলের সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে। কিন্তু লুইস এনরিকের বার্সেলোনায় মেসির ভূমিকা বদলে গেছে অনেকটাই। নতুন চেহারার বার্সেলোনায় একজন নিখাঁদ প্লে মেকার হিসেবেই বেশি খেলতে দেখা যাচ্ছে ফুটবলের ক্ষুদে যাদুকরকে। অনেকটা নিচে নেমে। তাকে কখনো বা ব্যবহার করা হচ্ছে ডান উইংয়ে। কিন্তু কেন এই পরিবর্তন- এমন প্রশ্ন রাখা হয়েছিল এনরিকেকে। তাতে বার্সার স্প্যানিশ ম্যানেজারের সাফ জবাব, এটা দলের মঙ্গলের কথা ভেবেই।
দু দুবার পিছিয়ে পড়ে ন্যু ক্যাম্পে ৩-২ ব্যবধানে ভিয়ারিয়াল বধের পর এনরিকে বলেন, ‘দলের মঙ্গলের কথা ভেবেই মেসিকে আবারো উইংয়ে খেলানো হলো। তবে অবশ্যই স্বাধীনতা আছে তার। ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারবে সে। আসলে আমাদের চাওয়া মেসির কাছে আরো বেশি বল যাক।’ লুইস সুয়ারেসের গোল না পাওয়া নিয়েও চিন্তিত নন এনরিকে। বিষয়টি নিয়ে কাতালন ম্যানেজারের ভাষ্য, ‘সে আর কিবা করতে পারে। গোল অবশ্যই আসবে।’ সবশেষে রাফিনহা ও ইনিয়েস্তার জন্যও প্রশংসা বরাদ্দ রাখেন বার্সা বস।

