স্পোর্টস ডেস্ক : আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে শোনা যাবে না আতাহার আলী খানের কণ্ঠ।
অতীতে বাংলাদেশের বিশ্বকাপ অভিযাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল আতাহার আলী খান। টাইগারদের প্রথম দুই বিশ্বকাপ বাদ দিলে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে আতাহার আলীর কণ্ঠেই ক্রিকেটের আবেগকে ছুঁয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে এবার বিশ্বকাপের ব্রডকাস্টিং স্পন্সর স্টার ইন্ডিয়া ৫২ বছর বয়সী বাংলাদেশীর ব্যাপারে আগ্রহ না দেখালে ক্রিকেট মহাযজ্ঞে যাওয়া হচ্ছে না ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার সাবেক ক্রিকেটারের।
বিষয়টি নিয়ে আতহার আলী খান বলেন, ‘এবার বিশ্বকাপের ব্রডকাস্টিং স্পন্সর স্টার ইন্ডিয়া আমার ব্যাপারে আগ্রহ দেখায়নি। তাই থাকা হচ্ছে না বিশ্বকাপে। অবশ্যই খারাপ লাগছে। দলকে ভীষণ মিস করবো এ বিষয়ে কোনো সংশয় নেই। আসলে ধারাভাষ্য কক্ষে না থাকতে পারার হতাশার কোনো তুলনা হয় না।’ তবে এতো কিছুর পরও দলকে শুভকামনা জানাতে ভোলেননি আতাহার। সাকিব-তামিমদের সাফল্যের রসায়নও বলেছেন তিনি।
তার ভাষ্য, ‘বাংলাদেশ দলের প্রতি শুভকামনা থাকছে। হ্যাঁ, ধারাভাষ্য কক্ষে থাকতে না পারলেও মাঠে বসে দু-একটি খেলা দেখার ইচ্ছা রয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘সাকিব, তামিম ও মুশফিক পারফর্ম করলে বিশ্বকাপে অনেক দূর যাবে বাংলাদেশ।’

