ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হল থেকে শিবির সন্দেহে ৭ শিক্ষার্থীকে আটক করে মারধর করে পুলিশে দিয়েছে হল শাখা ছাত্রলীগ।
রোববার দিবাগত রাতে শিবির সন্দেহে প্রথমে ২ জনকে ও পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরো ৫ জনকে আটক করে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন- আইন বিভাগের নাসির, সাজ্জাদ হোসেন, শান্তি ও সংঘর্ষ বিভাগের সাজ্জাদ হোসাইন, ইকবাল, লোকপ্রশাসন বিভাগের মামুন, নৃবিজ্ঞান বিভাগের খালিদ জোবায়ের, অর্থনীতি বিভাগের মাহমুদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তারা এখন শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছেন বলেও তিনি জানান।

