ঢাকাTuesday , 16 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসন্তুষ্ট বিএসইসি, প্রতিকার জানাতে বলেছে রবিকে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তালিকাভুক্তির প্রথম বছরেই বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দেয়ায় বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নেয়ার প্রতিকার কি সে বিষয়ে দ্রুত বিএসইসিকে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে রবির শীর্ষ কর্মকর্তাদের জরুরি তলব করে অসন্তুষ্টি প্রকাশের পর এ বিষয়ে দ্রুত প্রতিকার জানাতে বলা হয়।
এর আগে সোমবার পরিচালনা পর্ষদ সভা করে এই বহুজাতিক কোম্পানিটি ২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়।
এ কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদের শীর্ষ কর্মকর্তাদের (টপ ম্যানেজমেন্ট) জরুরি তলব করে বিএসইসি। তবে কোম্পানির সিইও দেশের বাহিরে থাকায় কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএসইসিতে যায়।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বে কমিশনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন কমিশনার শামসুদ্দিন আহমেদ এবং নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম ও মোহাম্মদ রেজাউল করিম।
সূত্রটি জানিয়েছে, বৈঠকে রবি কর্তৃপক্ষকে কড়া ভাষায় অসন্তুষ্টির বিষয়টি জানান বিএসইসির শীর্ষ কর্মকর্তারা। সেই সঙ্গে কোম্পানি সচিবকে দ্রুত সিইও এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত কিভাবে বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নেয়া যায় তার উপায়ও জানাতে বলা হয়।
সূত্র আরও জানায়, এক্ষেত্রে অন্তর্বর্তী লভ্যাংশ একটি প্রতিকার হতে পারে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়। আর এ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে আইনগত কোন বাধা থাকলে বিএসইসির পক্ষ থেকে তা প্রতিকারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘রবি নো ডিভিডেন্ড ঘোষণা করায় আজকের বৈঠকে কমিশন মারাত্মক অসন্তুষ্টি প্রকাশ করেছে। সেইসঙ্গে এর রিমেডি (প্রতিকার) কী হতে পারে তা দ্রুত কমিশনকে জানাতে বলা হয়েছে।’
বিএসইসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানতে চাইলে রবির কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুল আলম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’
এমনকি তিনি বৈঠকে উপস্থিত থাকার বিষয়টিও অস্বীকার করেন।
এদিকে, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দিলেও আজ বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলন ডেকেছে রবি। অবশ্য প্রথমে এ সংবাদ সম্মেলন ডাকা হয় দুপুর ১২টায়। বিএসইসি জরুরি তলব করায় সংবাদ সম্মেলনটি ৩ ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক অবস্থা নিয়ে কথা বলবে রবি।
এর আগে নো ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে সোমবার রবির কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুল আলম বলেন, ‘লভ্যাংশ না দেয়ার বিষয়টি শেয়ারহোল্ডারদের। শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।’
নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিও খরচের কথা বলে এই মোবাইল অপারেটর কোম্পানিটি আইপিওতে শেয়ার ছেড়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করেছে। বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেয়ার পর গত ২৪ ডিসেম্বর থেকে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন হচ্ছে।
লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির শেয়ার দাম বাড়ার ক্ষেত্রে মহা দাপট দেখায়। লেনদেনের প্রথম কার্যদিবস থেকে টানা ১৫ কার্যদিবস দাম বেড়ে কোম্পানিটির ১০ টাকার শেয়ার ৭৭ টাকা ১০ পয়সায় উঠে যায়। এর মধ্যে লেনদেনের প্রথম ১৩ কার্যদিবসের প্রতিটি দিন দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে দেশের শেয়ারবাজারের ইতিহাস সৃষ্টি করে কোম্পানিটি।