ঢাকাWednesday , 27 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে মার্কিনিদের নতুন সতর্কতা, ভারতে নিষেধাজ্ঞা ৬ মাস ধরে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি, সন্ত্রাস, হামলা, সহিংসতার আশঙ্কা থাকায় পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার ওইসব দেশের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে সতর্কতা সংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করা হয়েছে। এ অঞ্চলের আরেক দেশ ভারতে অবশ্য গত ছয় মাস ধরেই তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে।
মার্কিনিদের নতুন নির্দেশনায় পাকিস্তানের ক্ষেত্রে বলা হয়েছে, করোনা মহামারি, সাম্প্রদায়িক সহিংসতা ও সন্ত্রাসের কারণে দেশটি ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় মাত্রার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
সহিংসতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের জন্য দেশটির খাইবার পাখতুনখাওয়া এবং বালোচিস্তান প্রদেশ ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া, সীমান্তের চূড়ান্ত নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর যেকোনো সময় বড় ধরনের সন্ত্রাস বা সশস্ত্র সহিংসতা শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে এ নির্দেশনায়।
পাকিস্তানের ক্ষেত্রে সাধারণ সতর্কতা দিলেও মার্কিন নাগরিকদের আফগানিস্তান ভ্রমণ থেকে পুরোপুরি বিরত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এর কারণ হিসেবে দেশটিতে করোনাভাইরাস মহামারি, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা, অপহরণ ও সশস্ত্র সহিংসতাকে দায়ী করা হয়েছে।
করোনার কারণে আফগানিস্তান ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সিডিসি। তবে দেশটিতে অপহরণ, জিম্মি, আত্মঘাতী বোমা হামলা, বিস্তৃত সামরিক অভিযান, ল্যান্ডমাইন, সন্ত্রাসী ও বিদ্রোহী হামলা বেড়ে যাওয়ায় বাড়তি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তানে কর্মরত মার্কিন কর্মকর্তারা পরিবার সঙ্গে রাখতে পারেন না। সেখানে মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের জন্যেও কাবুলের দূতাবাস প্রাঙ্গণের বাইরে যাওয়া বন্ধ।
দেশটিতে এর আগে মার্কিন গাড়িবহর, বিদেশি দূতাবাস, কর্মকর্তা, সামরিক স্থাপনাগুলোতে হামলা হওয়ায় এধরনের কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতে গত ছয় মাস ধরেই মার্কিনিদের জন্য ভ্রমণ নিষিদ্ধ। দেশটিতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ও সন্ত্রাসের কারণে এ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।
দিল্লির মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের তথ্যমতে, গত ৬ আগস্ট ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। সেখানে করোনা কারণে এখনো চতুর্থ মাত্রায় স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছে সিডিসি। সহিংসতার আশঙ্কায় জম্মু-কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করেছে মার্কিন প্রশাসন।
মার্কিন দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, ভারতে ধর্ষণের মতো অপরাধ দ্রুত বাড়ছে। দেশটির পর্যটনকেন্দ্রসহ অন্য এলাকাগুলোতেও যৌন হয়রানি ও সহিংস অপকর্মের ঝুঁকি রয়েছে।
এছাড়া, জরুরি সহায়তা স্বল্পতার কারণে মহারাষ্ট্রের পূর্বাঞ্চল, তেলেঙ্গানার উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল ভ্রমণে মার্কিন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।