ঢাকাSaturday , 16 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কর্মপরিকল্পনা নিচ্ছি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে আগামী সপ্তাহে দুই সিটি করপোরেশনকে নিয়ে বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
শনিবার (১৬ জানুয়ারি) ঢাকা ওয়াসা আয়োজিত সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০১৯-২০২০’ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী। ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাজুল ইসলাম বলেন, ‘নগরীর পানি নিষ্কাশনের ব্যবস্থা ঢাকা ওয়াসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে স্থানান্তরের পর থেকেই মন্ত্রণালয়ের নির্দেশনায় কাজ শুরু করেছে সংস্থা দুটি। আগামী সপ্তাহে এই দুই সিটি করপোরেশনকে নিয়ে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা ঠিক করা হবে। দুই মেয়রের পরিকল্পনা জেনে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কর্মপরিকল্পনা ঠিক করে দেয়া হবে। ঢাকা শহরের নাগরিক সমস্যা সমাধান করে একটি আধুনিক বাসযোগ্য দৃষ্টিনন্দন শহর করতে যা যা করার দরকার তা করা হবে।’
তিনি বলেন, ‘দুই সিটি করপোরেশনের মেয়র জনগণের ভোটে নির্বাচিত। জনপ্রতিনিধিরাই পারেন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করায় মেয়ররা নগরবাসীকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন।’
স্থানীয় সরকারমন্ত্রী জানান, মন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেন। সে অনুযায়ী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমিনবাজারে ইন্সিনেরেশন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে।
‘এই প্ল্যান্টে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য লাগবে তা সরবরাহ করলে যেখানে-সেখানে আর ময়লা আবর্জনা পড়ে থাকবে না।’
ভবিষ্যতে দেশের সব সিটি করপোরেশন এবং প্রতিটি জেলায় ইন্সিনেরেশন প্ল্যান্ট স্থাপন করা হবে বলেও জানান তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।
তিনি বলেন, ‘প্রতিদিন ঢাকা শহরে ২৬৪ কোটি লিটার পানি সরবরাহ করি। বিশ্বের অন্য কোনো শহরে এতো বড় কার্যক্রম নেই। ভবিষ্যতে নাগরিক সেবা আরও বাড়ানো হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহীম। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ৩৭ টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের হাতে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয়।