বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৫-২০১৬) নির্বাচনে সভাপতি পদে শাকিব খান ও সাধারণ সম্পাদক পদে অমিত হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শুক্রবার শেষ রাতে এফডিসিতে নির্বাচন কমিশনার মিজু আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্য়ন্ত এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরপরই শুরু হয় ভোট গণনা। সন্ধ্যা থেকেই প্রার্থী ও সমর্থকরা অধীর আগ্রহে ফলাফলের জন্যে অপেক্ষা করতে থাকেন। রাত ১০টায় ফলাফল ঘোষণার কথা থাকলেও প্রায় শেষ রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মিজু আহমেদ।
প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ৩৫৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাকিব খান। আর সাধারণ সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। নির্বাচনে শাকিব খানের নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আহমেদ শরীফ এবং অমিত হাসানের নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন মিশা সওদাগর। এছাড়া সহ-সভাপতি নির্বচিত হয়েছেন ওমর সানি ও নাদের খান। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৫৭৯ জন, ভোট দিয়েছেন ৪৮৭ জন।
শাকিব-মিশা প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন মৌসুমী, ওমর সানি, ববি, ডন, সুব্রতসহ আরো অনেকে। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক মো. আরমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সানু শিবা, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল এবং কার্যনির্বাহী সদস্য পদে আলীরাজ, মৌসুমী, আমির সিরাজি, ববি, জেসমিন, ফরহাদ, রকিব খান, আফজাল শরীফ, আমিরা, সুশান্ত ও শহীদুল আলম সাচ্চু বিজয়ী হয়েছেন।
প্রার্থীদের প্রাপ্ত ভোট: শাকিব খান (৩৫৬ ভো্ট), ওমর সানি (২৮৮ ভোট), নাদের খান (২৯০ ভোট), অমিত হাসান (২৪৭ ভোট), মিশা সওদাগর (১৮০ ভোট), সুব্রত (৩৩৭), জ্যাকি আলমগীর (৩৬০ ভোট), সানু শিবা (২৭৪ ভো্ট), কমল (২১৫ ভোট), মৌসুমী (৪০৩ ভোট), আলীরাজ (৪০৭ ভোট), আমির সিরাজি (৩৮৮ ভোট), আফজাল শরীফ (৩৫৩ ভোট), জেসমিন (৩৮০ ভোট), ফরহাদ (৩৯৩ ভোট), রকিব খান (৩৭৯ ভোট), ববি (২৬৬ ভোট), আমিরা (৩২১ ভোট), সুশান্ত (৩৩৩ ভোট) ও শহীদুল আলম সাচ্চু (২৬০ ভোট) ।

