নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর জাতীয়তাবাদী চেতনা আমাদের চিরদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ, স্বাধীনতা এক ও অভিন্ন সত্তা।’
বক্তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধু ২৪ বছরের আন্দোলন সংগ্রামের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে স্বাধীনতার দিকে ধাবিত হয়। পাকিস্তানের মতো সুশৃঙ্খল শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা সহজ ছিল না। শুধুমাত্র বাঙালির দেশপ্রেম ও বঙ্গবন্ধুর নেতৃত্ব সঠিক ছিল বলেই এটা সম্ভব হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদের সদস্য মতিউর রহমান লাল্টুর সঞ্চালনায় এবং পরিষদের সদস্য মাহবুব উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মতিন ভূঁইয়া, অজিত সরকার, লিয়াকত সরকার ও ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

