স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো কোনো সহজ কাজ নয়। বিগত বছরের সবশেষ টেস্ট ম্যাচে সে কাজটি খুব সহজেই করে দেখিয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানের ভারত। তাও কি না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার রোহিত শর্মা ও তিন পেসার উমেশ যাদব, মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মাকে ছাড়াই।
এমন দল নিয়ে বক্সিং ডে’তে শুরু হওয়া সেই মেলবোর্ন টেস্টে ভারতের ৮ উইকেটে জয়ের পর চারিদিকে চলছে অধিনায়ক রাহানের স্তুতি, প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। অনেকে তো সরাসরি বলেই দিয়েছেন, ভারত এই সিরিজ জিতলে কোহলির বদলে রাহানেকেই টেস্টের স্থায়ী অধিনায়ক করা হোক।
এতটা বেড়ে বলেননি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল। তবে তিনিও রাহানের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ। চ্যাপেলের মতে, রাহানের জন্মই হয়েছে অধিনায়কত্ব করতে। ইএসপিএন ক্রিকইনফোতে লেখা এক কলামে এমন মন্তব্য করেছেন চ্যাপেল।
তিনি লিখেছেন, ‘মেলবোর্নে ভারতকে নির্ভুলভাবে এগিয়ে নিয়ে গেছেন রাহানে। এতে অবাক হওয়ার কিছু নেই। ধর্মশালায় ২০১৭ সালে তার অধিনায়কত্ব যারা দেখেছেন, সবাই জানেন রাহানের জন্মই হয়েছে ক্রিকেট দলের নেতৃত্ব দিতে। ২০১৭ সালের সেই ম্যাচের সঙ্গে মেলবোর্নের এই ম্যাচের অনেক মিল ছিল।’
সেই মিলগুলো তুলে ধরে চ্যাপেল লিখেছেন, ‘প্রথমত, লড়াইটা ছিল দুইটি তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক দলের মধ্যে। তারপর সেখানেও প্রথম ইনিংসে শেষ দিকে রবীন্দ্র জাদেজার মূল্যবান অবদান ছিল। শেষদিকে রাহানে আক্রমণাত্মক খেলে দ্রুত রান তুলেছে এবং জয়ের মতো সংগ্রহ এনে দিয়েছে।’
ধর্মশালার সেই ম্যাচে কাঁধের ইনজুরির কারণে খেলতে পারেননি কোহলি। ফলে তখন সিরিজের ঐ এক ম্যাচের জন্যই অধিনায়কত্ব পান রাহানে এবং দলকে এনে দেন দারুণ এক জয়। এবার পিতৃত্বকালীন ছুটিতে আছেন কোহলি। ফলে সিরিজের শেষ তিন ম্যাচের অধিনায়কত্ব পেয়েছেন রাহানে।

