নিজস্ব প্রতিবেদক : দিনের শুরুতে ম্যাচের মাত্র তৃতীয় ওভারে প্রথম ব্রেকথ্রু’টা দেন ডানহাতি পেসার টিম সাউদি। আর দিনের শেষভাগে পাকিস্তানের ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। তবে দিনের মাঝের সময়টায় আধিপত্য বিস্তার করেছেন আরেক পেসার কাইল জেমিসন।
প্রায় পৌনে সাত ফুট উচ্চতার পেসার জেমিসনের বিধ্বংসী বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টে ৮৩.৫ ওভারেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। দলীয় সংগ্রহ পেরোয়নি তিনশ। সাবেক অধিনায়ক আজহার আলি ও বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের চেষ্টা দাঁড় করিয়েছে ২৯৭ রানের সংগ্রহ।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে সফরকারীরা। কিন্তু প্রথম ইনিংসে যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটল। আগের ম্যাচের দুই ইনিংসে পাকিস্তানের ১৭ উইকেটই নিয়েছিলেন কিউই পেসাররা। এর মধ্যে প্রথম ইনিংসে ৯ উইকেট যায় পেসারদের দখলে, অন্যটি রানআউট।
সেই ধারা বজায় রেখে আজ (রোববার) ক্রাইস্টচার্চে পাকিস্তানের সবকয়টি উইকেটই নিয়েছেন পেসাররা। যার নেতৃত্ব দিয়েছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার কাইল অ্যালেক্স জেমিসন। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ফাইফারে তার শিকার ৬৯ রানে ৫ উইকেট। এছাড়া বোল্ট-সাউদি ২টি করে এবং পেস বোলিং অলরাউন্ডার ড্যারেল মিচেল নিয়েছেন ১টি উইকেট।
চার পেসারের দাপটে পাকিস্তান অলআউট হয়েছে ২৯৭ রানে। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৪ রানের মাথায় শূন্য হাতে ফেরেন শান মাসুদ। আবিদ আলি (২৫) চেষ্টা করেন খানিক, হতাশ করেন হারিস সোহেল (১) ও ফাওয়াদ আলম (২)। মাত্র ৮৩ রানে পাকিস্তান হারিয়ে ফেলে ৪ উইকেট।
পঞ্চম উইকেট জুটিতে চাপ সামাল দেন রিজওয়ান ও আজহার। ফর্মের তুঙ্গে থাকা রিজওয়ান খেলেন ৭১ বলে ৬১ রানের ইনিংস। সেঞ্চুরি মিস করেন আজহার, আউট হন ৯৩ রান করে। আগের ম্যাচে ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস ফাহিম আশরাফ করেন ৪৮ রান। মূলত এ তিনজনের কল্যাণেই তিনশ ছোঁয়া সংগ্রহ পেয়েছে পাকিস্তান।

