নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে পড়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে উৎকণ্ঠায় অভিভাবকরা। পরীক্ষার কথা বিবেচনা করে অবরোধ প্রত্যহারের আহ্বান জানানো হলেও উল্টো এর মধ্যে আগামী রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপি জোট।
অন্যদিকে আগামী সোমবার থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা হরতালে পেছানো হবে কি না এজন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। এমন অস্থির পরিস্থিতিতে উদ্বিগ্ন ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
নির্ধারিত সময় অনুসারে ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বিগত বছরগুলোতে এ মাসেই এসএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার কথা বিবেচনা করে বারবার হরতাল-অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকরা শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনশন করেছেন।
তবে যে রাজনৈতিক কর্মসূচি দিয়ে যে পরিস্থিতিই তৈরি করা হোক না কেন নির্ধারিত সময়ে পরীক্ষা শুরুর পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু হরতালের কারণে চরম শঙ্কিত অভিভাবক ও শিক্ষকরা। আজ কিন্তু শুক্রবার হরতাল ঘোষিত হলেও সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত।
পরীক্ষা পেছানো হবে কি হবে এ প্রসঙ্গে শুক্রবার রাতে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘হরতালের ঘোষণায় পরীক্ষা পেছানো হবে কি না তা রোববার সিদ্ধান্ত হবে।’
একাধিক পরিক্ষার্থীর অভিবাবক বলেন, এমনিতেই অবরোধে আগুন, বোমা নিয়ে আতঙ্কে আছি। এরপর আবার নতুন করে হরতাল ছেলে-মেয়ের নিরাপত্তা নিয়ে ভয়ে আছি। ছেলে-মেয়েদের মধ্যে চিন্তা পরীক্ষা হবে কি হবে না। আন্দোলনকারীদের মতো সরকারও দায়িত্বশীল আচরণ করেনি। সিধান্ত দ্রুত জানালে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতো না।
ঘোষিত সময়সূচি অনুসারে এসএসসি পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। এসএসসি পরীক্ষা ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। এবারই প্রথম গণিত ও উচ্চতর গণিতে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। এ বছর থেকে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা নামে নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয় গুলোর পরিক্ষাও হবে সৃজনশীল প্রশ্নে হবে।

