নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানায়।
তাদের দাবিগুলো হলো- মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সরকারি চাকরির সব পদে কোটা পুনর্বহাল করতে হবে, ৭২-এর সংবিধান অনুযায়ী ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকা করতে হবে, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করে মর্যাদা নির্ধারণ করতে হবে, মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা ও নাটকে মুজিব কোট পরা বন্ধে আইন পাস করতে হবে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে, সব জায়গায় মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুল করুম শিপনসহ পরিকল্পিত সব খুনের বিচার করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, রাজাকার আলবদর ও আলশামসের বংশধররা এখনো সক্রিয়। তারাই কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে। রাজাকারের সন্তানদের দেশে থাকার অধিকার নেই। তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। এ সময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাত দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংগঠনটির মহাসচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় নেতা মো. মাসুদ, আবিদ হাসান, মাসুম বিল্লাহ, রজত কান্তি, বিউটি আক্তার ও সুকান্ত ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন জেলা ও ইউনিটের নেতা কর্মীরা মানববন্ধনে অংশ নেন।

