স্পোর্টস ডেস্ক : সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান ইউনিস খানকে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচের দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে পিসিবি।
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের পক্ষে ১০ হাজারের বেশি রান করা একমাত্র ব্যাটসম্যান ইউনিস। সবশেষ ইংল্যান্ড সফরেও নিজ দেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
ইউনিসকে আরও দুই বছরের জন্য দায়িত্ব দেয়ার খবজ জানিয়ে বিবৃতিতে পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘শুধু জাতীয় দল নয়, যখন আন্তর্জাতিক সূচি থাকবে না, তখন স্থানীয় ব্যাটসম্যানদের সঙ্গেও কাজ করবেন ইউনিস। তার অভিজ্ঞতা কাজে লাগাতে বদ্ধ পরিকর পিসিবি।’
ওয়াসিম খান আরও যোগ করেন, ‘দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সব জায়গায় অভিজ্ঞ ও উচ্চতর যোগ্যতাসম্পন্ন কোচদের দায়িত্ব দেয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া। যাতে করে আমরা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জন্য ভালো ভালো ক্রিকেটার তৈরি করতে পারি।’
আপাতত অন্তত ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ইউনিস। এরপর তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পথও খোলা রেখেছে পিসিবি। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কাজের মেয়াদ বাড়তেও পারে।
নতুন এ দায়িত্বে পূর্ণাঙ্গ মেয়াদে চুক্তি পাওয়ার পর ইউনিস বলেছেন, ‘জাতীয় দলের হয়ে আমাদের দায়িত্ব ও কর্মপরিধি বৃদ্ধি আমি অনেক খুশি। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে অভিনব কিছু কাজ করতে মুখিয়ে রয়েছি আমি। প্রতিভাবান ব্যাটসম্যানদের বের করে আনা এবং তাদের স্কিল উন্নতিতে সাহায্য করাই আমার মূল লক্ষ্য।’

