নিজস্ব প্রতিবেদক : ১১৯ কোটি চার লাখ ৯০ হাজার ৪৭৬ টাকা ব্যয়ে পুলিশের জন্য নির্মাণ হচ্ছে আবাসিক ভবন। এর মধ্যে সিলেট জেলা পুলিশ লাইন্স এলাকায় একটি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য রাজধানীর গুলশান এলাকায় একটি আবাসিক ভবন নির্মাণ করা হবে।
বুধবার (৪ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
অনলাইনেই সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশ সদস্যের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় সিলেট জেলা পুলিশ লাইন্স এলাকায় একটি আবাসিক ভবন নির্মাণকাজ সম্পাদনে পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ৫৫ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭০ টাকায় নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।’
‘প্যাকেজের আওতায় ১৫ তলা আবাসিক ভবন, প্রতি তলায় ৬৫০ বর্গফুটবিশিষ্ট ১২টি ইউনিট, অভ্যন্তরীণ স্যানিটারি ও বৈদ্যুতিকরণ, ভূগর্ভস্থ জলাধার, গভীর নলকূপ, পাম্প মোটর, রাস্তা, কম্পাউন্ড ড্রেন ও পিএবিএক্স সিস্টেম নির্মাণ করা হবে।’
অতিরিক্ত সচিব আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ঢাকা গুলশান এলাকায় দুটি বেইজমেন্টসহ ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের একটি প্যাকেজের আওতায় পূর্ত কাজ সম্পাদনে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন (প্রাইভেট) লিমিটেড এবং আমানত এন্টারপ্রাইজকে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৩ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৮০৬ টাকা। প্যাকেজের আওতায় দুটি বেইজমেন্টসহ ১৪ তলা ভবন, চারটি ইউনিটের প্রতিটি দুই হাজার ২০০ বর্গফুট এবং দুটি ফ্লোরে দুটি ডুপ্লেক্সসহ ৪৮টি ফ্ল্যাট অভ্যন্তরীণ রাস্তা/পেভমেন্ট, গেটসহ সীমানা প্রাচীর, কম্পাউন্ড ড্রেন এবং গার্ড শেড নির্মাণ করা হবে।’

