নিজস্ব প্রতিবেদক : চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছরসহ ৪ দফা দাবিতে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। আগামী ১৩ নভেম্বর শাহবাগে ‘শেকলবন্দী’ সমাবেশের মাধ্যমে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। সোমবার সংগঠনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘদিন থেকে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে যৌক্তিক আন্দোলন করে আসছে। কিন্তু সরকার আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে তালবাহানা করেই আসছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ক্ষমতায় আসলে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে পজিটিভ আলোচনা হয়েছে-অথচ এখনও এ-সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
আরও বলা হয়, বারবার সংসদে চাকরির বয়সমীমা ৩৫ দাবিটি উত্থাপিত হয়েছে। একাধিকবার মন্ত্রিপরিষদ সুপারিশ করেছেন। ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধার সন্তানেরাও এই দাবি নিয়ে একাত্মতা পোষণ করেছিল। সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গও ৩৫ দাবিটি নিয়ে পজিটিভ রেসপন্স করলেও কেন সরকার তালবাহানা করছে।
বিশ্বের উন্নত ও উন্নয়নশীল ১৯৭টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং তার ঊর্ধ্বে। এমনকি আমাদের পাশের দেশ ভারতেও চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে বলে দাবি করা হলেও আবেদনের বয়সসীমা ৩৫ করা হবে না?
আমরা আর এই নিয়ে কোন প্রকার তালবাহানা তামাশা মানতে চাই না। আগামী ৭ নভেম্বরের মধ্যে ৩৫সহ ৪ দফা যৌক্তিক দাবি মেনে না হলে ১৩ নভেম্বর থেকে আন্দোলনে নামবো।
ওদিন বিকেল ৩টা থেকে রাজধানীর শাহবাগে শেকলবন্দি সমাবেশ পালন করা হবে। ১৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি অবস্থান পালন করা হবে।

