নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীতে দুস্কৃতকারীদের হাতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নির্যাতনের হার বেড়ে যাওয়ায় মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে।
এ অবস্থায় সরকারসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সজাগ ও এ ধরনের কর্মকাণ্ডের বিচার দ্রুততার সঙ্গে সম্পাদন করার জন্য আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা ডরপ-এর জেন্ডার ওয়াচ কমিটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডরপ-এর জেন্ডার ওয়াচ কমিটির পক্ষ থেকে সভাপতি রুবিনা ইসলাম ও সহ-সভাপতি সামছুন নাহার এক বিবৃতিতে জানান, মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশব্যাপী বিবৎস নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় সবার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তারা জানান, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে। আইনের সুষ্ঠু ও দ্রুততার সঙ্গে প্রয়োগ এবং সমাজের বিবেকবান ও তরুণ সমাজকে নারী নির্যাতন রোধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার ৩২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর রোববার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা।
এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে তারা মোবাইলে ভিডিওচিত্র ধারণ করে।
এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওটি অনলাইন মাধ্যম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বলা হয়েছে, একটি ভিডিওর কপি সংরক্ষণে রাখতে। ২৮ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
একই সঙ্গে ভিকটিমের পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে স্থানীয় পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেয়া হয়েছে। ঘটনা তদন্তের জন্য সেখানকার স্থানীয় সরকারি কলেজের প্রিন্সিপাল, সমাজসেবা অফিসারসহ তিনজনের নেতৃত্বে কমিটি গঠন করতে বলা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) এ বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে সম্মিলিত ছাত্র-জনতা। রাজধানীর উত্তরা ও নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে।

