ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জেলার ত্রিশালের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহণের গ্যারেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার ভোর ৪টার দিকে এ আগুন লাগানোর ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুব হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে এর প্রতিবেদন দাখিল করা হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এসএম হাফিজুর রহমান জানান, ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় গ্যারেজে ৪টি গাড়ি ছিল। তবে একটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়েয়ের দায়িত্বরত আনসার সদস্যরা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. মো. মাহবুব হাসান জানান, আমরা বিষয়টিকে খতিয়ে দেখছি, চেষ্টা চলছে ঘটনার রহস্য উদঘাটনের। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদনটি জমা দেয়া হবে। এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সম্ভবত গাড়ির অয়েল থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

