স্পাের্টস ডেস্ক : পাকিস্তানের গতিময় ফাস্ট বলার ওয়াহাব রিয়াজ আন্তর্জাতিক ক্রিকেটে পার করে ফেলেছেন এক দশকেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে ধারাবাহিকভাবে কোনো দলেই জায়গা করে নিতে পারেননি। ওয়ানডেতে খেলেছেন সর্বোচ্চ ৮৯টি ম্যাচ। এছাড়া টি-টোয়েন্টিতে ৩১টি ও টেস্টে খেলেছেন ২৭ ম্যাচ। রঙিণ পোষাকে নিয়মিত হতে গত বছরের সেপ্টেম্বরে টেস্ট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
তবে আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে সেই বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে প্রস্তুত তিনি। পাকিস্তানের হয়ে যত বেশি সম্ভব প্রতিনিধিত্ব করতে চান এই ক্রিকেটার। কিন্তু কেন টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়া! বা আবার ফিরে আসা! ওয়াহাব সংবাদ মাধ্যমে সবকিছুর উত্তর জানালেন বিস্তারিত।
এই ক্রিকেটার বলেন, ‘পিসিবি আমার কাছে জানতে চেয়েছিল, বদলি হিসেবে অথবা দলের প্রয়োজনে টেস্ট খেলার জন্য আমাকে পাওয়া যাবে কি-না। আমি সরাসরি হ্যাঁ বলেছিলাম, কারণ আমার লক্ষ্য পাকিস্তানের হয়ে খেলা।’
নিজের বিরতির কারণ হিসেবে ওয়াহাব জানান, টেস্ট দলে অনিয়মিত ছিলেন তিনি। আর এটিই টেস্ট ফরম্যাট থেকে বিরতি নিতে কাজ করেছে তাঁর মধ্যে। ওয়াহাব তাঁর ৮ বছরের টেস্ট ক্যারিয়ারে মাত্র ২৭ টেস্ট খেলেছেন। যার মধ্যে মোট নিয়েছেন ৮৩ উইকেট। সর্বশেষ টেস্ট খেলেছেন প্রায় দুই বছরের কাছাকাছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে অবশ্য ২৭ ওভার বোলিং করেও উইকেটশূন্য ছিলেন তিনি।
ওয়াহাব বলেন, ‘২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দলে আমি অনিয়মিতভাবে খেলেছি। শ্রীলঙ্কায় একটি টেস্ট খেলে ভালোই করেছিলাম। এরপরও পরের সফরে আমাকে আর নেওয়া হয়নি। আর তাই ভাবলাম, পাকিস্তানের হয়ে আর টেস্ট ম্যাচ খেলার জন্য আমি যথেষ্ট যোগ্য বা ভালো নই। এরপরই আমি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেই।
তবে শুরুতে অবসরের কথাই ভাবছিলেন ওয়াহাব। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবসর না নিয়ে বরং বিরতির জন্য পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে ওয়াহাব বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় আমি বলেছিলাম, টেস্ট ছেড়ে আমি সাদা বলে মন দিতে চাই। তারা আমাকে পুরোপুরি অবসর না নিয়ে বিরতি নিতে বলেছিল। আর বিরতি নেওয়ার কারণেই আমি এখন পাকিস্তানের হয়ে ফেরার সুযোগ পাচ্ছি। সবসময় আমার লক্ষ্য ছিল পাকিস্তানের হয়ে খেলা এবং পারফর্ম করা।’

