স্পোর্টস ডেস্ক : উপমাহাদেশে সমকামীতা বিষয়টাকে খুবই খারাপ চোখে দেখা হয়। তবে পশ্চিমা দেশগুলোতে তেমন নয়। কিছু কিছু দেশে সমকামীদের বিবাহ বৈধও করা হয়েছে। এবার ফুটবল দলে সমকামী খেলোয়াড় আছে বলে দাবী করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়াটফোর্ডের অধিনায়ক ও ফরোয়ার্ড ট্রয় ডিনি।
এই ফুটবলার মনে করেন, প্রতিটি ফুটবল দলেই একজন করে সমকামী ফুটবলার রয়েছে। তবে তিনি এও জানিয়েছেন, তারা নিজেদের সমকামিতা নিয়ে সরাসরি কথা বলে দ্বিধায় ভোগেন।
বিবিসি’র পডকাস্টে ডিনি জানান, খেলোয়াড়রা যখন নিজেদের সমকামীতার বিষয়ে কথা বলতে পারে না, সেটি তাদের ব্যক্তিজীবনে খারাপ প্রভাব ফেলে। এমনকি খেলোয়াড়ের ক্যারিয়ারেও নেতিবাচক প্রভাব ফেলে।
ওয়াটফোর্ডের এই অধিনায়ক বলেন, ‘আমি অন রেকর্ডেই বলতে পারব, প্রতি ফুটবল দলেই একজন সমকামী কিংবা উভকামী ফুটবলার আছে। তারা অবশ্যই আছে, আমি শতভাগ নিশ্চিত।’
এরপরই তিনি খেলোয়াড়দেরে মানসিক অন্তর্দ্বন্দ্ব নিয়ে বলেন, ‘আসলে যারা এমন আছে, তারা কেউই প্রথম ব্যক্তি হিসেবে এটি স্বীকার করতে সাহস পাচ্ছে না। একবার যেকেউ শুরু করলে নিশ্চিতভাবেই আরও অনেক পাওয়া যাবে।’
ওয়াটফোর্ডের এই অধিনায়ক তাদের সাহস দিয়ে আরও যোগ করেন, ‘আমি মনে করি, যেকোন ধরনের সমকামী ফুটবলারদের জন্য এখনই সবচেয়ে সেরা পরিবেশ রয়েছে। আমি এটাই বুঝতে পারি না, মানুষ কেন খেলোয়াড়ি জীবন শেষ করে মেনে নেয় যে, হ্যাঁ আমি সমকামী। আমার মনে হয়, পুরো ক্যারিয়ারে এ বিষয়টা বয়ে যাওয়া খুবই কঠিন।’
ব্রিটিশ ক্লাব ফুটবলের ইতিহাসের এখনও পর্যন্ত একমাত্র সমকামী ফুটবলার হলেন নরউইচের সাবেক স্ট্রাইকার জাস্টিন ফাসানু। যিনি নিজ থেকেই স্বীকার করেছিলেন নিজের সমকামিতার কথা। এছাড়াও ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ফুটবলার অ্যান্ডি ব্রেনানও স্বীকার করেছিলেন তিনি একজন সমকামী।

