স্পোর্টস ডেস্ক : বসন্ত রাইজি, ভারতীয় সাবেক এই ক্রিকেটার গত ২৬ জানুয়ারিতে জীবনের সেঞ্চুরি পূর্ণ করেন। সেদিন তাঁর জন্মদিন পালন করতে শচীন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা উপস্থিত ছিলেন। তবে সেঞ্চুরির পর আর বেশি দূর এগুলো না তাঁর জীবন পথ। আজ (শনিবার) ভোর রাতে মুম্বাইয়ে মারা গেছেন তিনি। এ সময় দুই মেয়ে ও স্ত্রী পান্না রাইজিকে রেখে গেছেন তিনি।
মারা যাওয়ার সময় তাঁর বয়স ছিল ১০০ বছর ১৩৯ দিন। মৃত্যুর আগ পর্যন্ত জীবিত সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল তাঁর। রাইজির মৃত্যুর পর এখন জীবিত সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটার হলেন নিউ জিল্যান্ডের অ্যালান বার্জেস। ১৯২০ সালের ১ মে তার জন্ম ক্রাইস্টচার্চে। কেন্টারবুরির হয়ে ১৯৪০-৪১ মৌসুম থেকে ১৯৫১-৫২ মৌসুম পর্যন্ত এই স্পিনিং অলরাউন্ডার খেলেছেন ১৪টি ম্যাচ।
১৯২০ সালে ভারতের বারোদায় জন্ম বসন্ত রাইজির। তবে বেড়ে ওঠা মুম্বাইয়ে। ১৯৩৯ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক তাঁর। নাগপুরে, ক্লাব অব ইন্ডিয়ার হয়ে খেলা সে ম্যাচে তাঁর সঙ্গে মাঠে ছিলেন সিকে নাইডু, মুশতাক আলি, লালা অমরনাথ, বিজয় হাজারের মতো কিংবদন্তিরা।
ক্যারিয়ারে মাত্র ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। এরমধ্যে বারোদা এবং বোম্বের জার্সিও গায়ে জড়িয়েছেন। ১৯৫০ সালে পারিবারিক চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ায় মাঠের ক্রিকেট থেকে বিদায় নিতে হয় তাকে।।
তবে মাঠ ছাড়লেও ক্রিকেট ছাড়েননি তিনি। ভিক্টর ট্রাম্পার, দুলিপসিংজি, এলপি জয়সহ অনেক ক্রিকেটারকে নিয়ে লিখেছেন বই। এমনকি বিখ্যাত জলি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

