স্পোর্টস ডেস্ক : গত ৮ মার্চের পর আবার সবুজ ঘাসে ক্রিস্টিয়ানো রোনালদো। যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করার দারুণ সুযোগ ছিল।
৯৬ দিন পর মাঠে ফিরে সুযোগ ছিল গোল করার। সবচেয়ে পছন্দের স্পট কিকও পেয়েছিলেন। কিন্তু শুক্রবার রাতে রোনালদো ছিলেন পুরোই বিবর্ণ। তাইতো তার ডানপায়ের শট খুঁজে পায়নি জাল। বলার অপেক্ষা রাখে না দীর্ঘদিন পর মাঠে ফিরে কিছুটা হলেও নড়বড়ে ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। পেনাল্টি মিসের পাশাপাশি একাধিক বলও মিস করেছেন সিআর সেভেন। তার বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে জুভেন্টাসেরও। শুক্রবার রাতে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে এসি মিলান ও জুভেন্টাস। প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল ইতালির শীর্ষ দুই ক্লাবের লড়াই। অ্যাওয়ে গোলে ফাইনালের টিকিট পেয়েছে রোনালদোদের জুভেন্টাস।
জয় না পেয়েও ফাইনালের টিকিট পেয়ে স্বস্তি পেয়েছেন জুভেন্টাসের কোচ মৌরিজিও সারি। পাশাপাশি রোনালদোর পেনাল্টি মিসে মোটেও বিচলিত নন তিনি। সাফ জানিয়ে দিলেন, রোনালদো পেনাল্টি মিসে অভ্যস্ত নয়। সময়ের অন্যতম সেরা ফুটবলার দারুণভাবে ফিরে আসবে।
ম্যাচের পর রাই স্পোর্টসকে মৌরিজিও সারি বলেছেন,‘রোনালদো পেনাল্টি মিসে অভ্যস্ত নন। তার শট পোস্টের অভ্যন্তরে আঘাত করে বেরিয়ে গেছে। এটা ভেতরেও যেতে পারত। ওর দুর্ভাগ্য।’
‘আমি মনে করি না তাকে আরও কয়েক মিটার একরকম খেলতে হবে। আবার তার মতো শক্তিশালী খেলোয়াড়দের জন্য বিশাল পার্থক্য আনার প্রয়োজন আছে। ম্যাচের প্রথম ত্রিশ মিনিট প্রত্যেকেই বিবর্ণ ছিল। এরপর নিজেদের খোলস থেকে বেরিয়ে এসেছে।’ – যোগ করেন সারি।
কোপা ইতালিয়ার ফাইনালের নাপোলি নয়তো ইন্টার মিলানকে পাবে জুভেন্টাস। ১৭ জুন রোমে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গোলশূন্য ড্র হলেও ছেলেদের পারফরম্যান্সে খুশি সারি। তিনি বলেছেন,‘আমি বেশি বিস্মিত এবং স্বস্তি পেয়েছি আমাদের শুরুর আক্রমণ দেখে। আমরা শুরুতেই ওদেরকে চেপে ধরে রাখতে পেরেছিলাম। বিশেষ করে রেড কার্ডের আগ পর্যন্ত। এরপর আমাদের ধার কিছুটা হলেও কমে এসেছিল। হয়তো সেটা মানসিক লড়াইয়ে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম।’
‘তবে ইতিবাচক দিক হচ্ছে আমরা প্রতিপক্ষকে খেলতে দেইনি। তাদের ঠেকিয়ে দিয়েছি দারুণভাবে। আপনি ম্যাচটিকে আমাদের প্রি-সিজন ম্যাচের সঙ্গে তুলনা করতে পারেন। হয়তো ম্যাচটি ওসব ম্যাচের থেকেও খারাপ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে আপনি কতদিন পর মাঠে ফিরলেন। আমি খেলোয়াড়দের উপর আস্থা রাখছি। ধৈর্য হারাচ্ছি না। কারণ প্রথম ত্রিশ মিনিটে জুভেন্টাস যেটা খেলেছে সেজন্য করতালি প্রাপ্য।’
ম্যাচের শুরুতে মিলানের রেবিচের হাতে বল লাগায় পেনাল্টি পায় জুভেন্টাস। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রোনালদো। তাঁর শট গোলপোস্টে লেগে ফেরত যায়। ম্যাচের ১৬ মিনিটে রেবিচ জুভেন্টাসের ব্রাজিলিয়ান তারকা দানিলোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

