স্পোর্টস ডেস্ক : সুইস কিংবদন্তি টেনিস তারকা সর্বশেষ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলার পর থেকে আর কোর্টে নামতে পারেননি। কারণ ফেব্রুয়ারিতে তাঁর ডান হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর মধ্যমার্চ থেকে তো করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে সব ধরনের ট্যুর ও খেলা।
এদিকে করোনা সঙ্কট কাটিয়ে আগস্টে উইম্বলডন ও সেপ্টেম্বরে ফরাসি ওপেন আয়োজন করছে বিশ্ব টেনিস ফেডারেশন। তবে ফেদেরার খেলতে পারবেন না সেখানেও। আবারও হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে ফেদেরারের। ফলে ২০২০ মৌসুমে আর কোর্টে নামার সম্ভাবনা নেই রেকর্ড গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকার। আর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে খোদ ফেদেরার টুইট করে বিষয় গুলো নিশ্চিত করেছে।
ফেব্রুয়ারিতে ডান হাঁটুতেই অস্ত্রোপচার করা হয়েছিল ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরারের। পুনর্বাসন চলার মধ্যে আবারও সেখানে সমস্যা অনুভব করেন তিনি। আর তাই অস্ত্রোপচার করাতেই হয়েছে জানিয়ে ফেদেরার বলেন, ‘কিছু সপ্তাহ আগে আমার পুনর্বাসনের সময় হাঁটুতে কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পারি। আর তাই আমাকে আবার অস্ত্রোপচার করতে হয়েছে।’
করোনার কারণে ইতিমধ্যে অনেকগুলো ট্যুর মিস করেছেন ফেদেরার। কবে আবার খেলা মাঠে ফিরবে, তাও অনিশ্চিত। তবে ৩৮ বছর বয়সী ফেদেরারের যে এ বছরে ফিরছেন না, তা নিশ্ছিত করে টুইটে তিনি লিখেন, ‘আমি আশা করি ২০২১ এর শুরু থেকে আবার সবাইকে ট্যুরে দেখতে পাবো। আমি এই সময়ে আমার ভক্ত এবং ট্যুরগুলোকে অনেক মিস করবো।’
২০১৬ সালেও হাঁটুর চোটে লম্বা সময় বাইরে ছিলেন এই সুইস তারকা। তবে ফিরে পরের বছর জেতেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন।

