স্পাের্টস ডেস্ক : ১১ জুন থেকে আবার মাঠে ফিরবে স্প্যানিশ লা লিগা। আর ১৩ জুন রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বার্সার ফুটবলাররা। কিন্তু গত বুধবার (৩ জুন) হুট করে অনুশীলনে দেখা মিলেনি দলটির অধিনায়ক লিওনেল মেসিকে। বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদ মাধ্যম টিভিথ্রি প্রতিবেদন প্রকাশ করে ইনজুরিতে পড়েছেন মেসি। কিন্তু মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্যকে গুজব বলে দাবি করেন ক্লাবের এক মুখপাত্র।
তবে শুক্রবার (৫ জুন) ক্লাব বার্সেলোনার পক্ষ হতে জানানো হয় যে, উরুর চোটে পড়েছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ডান পায়ের উরুর মাংসপেশিতে হালকা চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
নিজেদের ওয়েবসাইটে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘বার্সেলোনা অধিনায়ক ডান উরুর মাংসপেশিতে হালকা চোট পেয়েছেন। ঝুঁকি এড়াতে শুক্রবার তিনি নির্দিষ্ট কিছু কাজ করেছেন। কারণ লা লিগায় আমাদের প্রথম ম্যাচের বাকি আর আট দিন। আশা করে হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন তিনি।’
চলতি মৌসুমে বার্সাকে তালিকার শীর্ষে রাখতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেসি। আসরে ১৯ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় প্রথম স্থানে আছেন মেসি।

