বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ঝিলিক। ‘যাইয়োনা যাইয়োনা’ শিরোনামের গানটি রচনা করেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।
সিডি চয়েসের ব্যানারে কয়েক দিনের মধ্যে গানটির লিরিক্যাল ভিডিও মুক্তি পাবে। ঝিলিক বলেন—অনেক দিন পর রাব্বিকীন ভাইয়ের কথায় নতুন একটি গানে কণ্ঠ দিলাম। এর আগে তার লেখা গানে কণ্ঠ দিয়েছি। মুক্তির পর সেগুলো শ্রোতারা পছন্দ করেছেন।
চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। ২০১৪ সালে প্রকাশিত হয় তার একক অ্যালবাম ‘প্রথম প্রেম’। এ অ্যালবামের গানও লিখেছিলেন ফয়সাল রাব্বিকীন। অ্যালবামটির বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এর বাইরেও রাব্বিকীনের কথায় আরো বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক।
এ গান প্রসঙ্গে ফয়সাল রাব্বিকীন বলেন—এটি আমার ও ঝিলিকের ১৫তম গান। এর আগের গানগুলো থেকে অনেক সাড়া পেয়েছি। এবারের গানটি নিয়েও প্রত্যাশা অনেক। আশা করছি, সবার ভালো লাগবে।

