বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বছর দুয়েক আগে ‘বেসামাল’ নামে নতুন সিনেমায় নাম লেখান। এতে তার বিপরীতে চুক্তিবদ্ধ হন নিঝুম রুবিনা। কমল সরকারের কাহিনি নিয়ে এ সিনেমা পরিচালনার কথা রাহুল রওশনের।
সিনেমাটির মহরত অনুষ্ঠান হলেও এখনো শুটিং শুরু হয়নি। আদৌ এ সিনেমার কাজ শুরু হবে কি না, তা নিয়ে সংশয়ে সিনেমাটির শিল্পীরা।
জয়া মিডিয়া প্রোডাকশন হাউজের ব্যানারে এ সিনেমা প্রযোজনা করবেন এ জেড এম জাহাঙ্গীর কবির। বাপ্পি-নিঝুম ছাড়াও এতে আরো অভিনয় করার কথা রয়েছে— মিশা সওদাগর, রেবেকা, মাসুম আজিজ, জাহিদ ইসলামসহ অনেকে। সিনেমাটির ক্যামেরায় এমএইচ স্বপন। ফাইট ডিরেক্টর আরমান।
এর আগে সিনেমাটির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রাজধানীর কাকরাইলের বিসটেক স্টুডিওতে ‘তুই চোখের আড়াল হলে, এই মন ছটফট ছটফট করে’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। কথা লিখেছেন কাজী শাহিন। সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম।

