আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হতে পারেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলির স্পিকার শেলডন সিলভার। বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পূর্ব ম্যানহাটন থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের সদস্য শেলডন সিলভার দুই দশক ধরে স্পিকারের দায়িত্ব পালন করছেন।
প্রভাবশালী এই স্পিকারকে কোন বিষয়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে তা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, নিউইয়র্কের আবাসন খাতে কর কমানোর জন্য গোল্ডম্যান অ্যান্ড ইরিয়ামি নামে একটি ছোট আইন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়েছিলেন শেলডন। তবে তিনি মোট কতো টাকা নিয়েছিলেন সেটি পরিস্কার নয়।
অপর একটি সূত্র জানিয়েছে, একটি বিশাল অংকের টাকাই নিয়েছিলেন শেলডন এবং তা কিস্তিতে কয়েক বছরে দেয়া হয়েছে।

