আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে একটি বাসস্ট্যান্ডে মর্টার হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিদ্রোহীদের দখলকৃত পূর্ব ইউক্রেনের দনেৎস্ক শহরে এ হামলার ঘটনা ঘটে।
হতাহতরা বাস ও একটি প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
দনেৎস্কে এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যখন ইউক্রেন, রাশিয়া,ফ্রান্স ও জার্মানি যুদ্ধ বন্ধে বিদ্রোহীদের প্রতি যৌথ আহ্বান জানিয়েছে।
গত বছর এপ্রিল থেকে লুহান্সক ও দনেৎস্ক শহরে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৪ হাজার ৮শ জন নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে ১২ লাখ মানুষ।
সম্প্রতি দনেৎস্কের নতুন বিমানবন্দরের নিয়ন্ত্রন নিয়ে বিদ্রোহী ও ইউক্রেন সেনাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।এতে গত ২৪ ঘন্টায় ছয়জন নিহত হয়েছে।
এদিকে ইউক্রেন সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দনেৎস্কের ওই বিমানবন্দর এলাকা থেকে সরকারি সেনাদের প্রত্যাহার করা হয়েছে।

