স্পোর্টস ডেস্ক : সময়ের সঙ্গে শ্রেষ্ঠত্বের পালাবদল হয়। ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে, জার্মানির বেকেনবাওয়ার, আর্জেন্টিনার ম্যারাডোনা, ব্রাজিলের রবার্তো বাজ্জিও, ফ্রান্সের জিদান যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন ফুটবলার পেয়েছেন সেরাদের সেরার তকমা।
বর্তমান সময়ের সেরা ফুটবলার কে? পরিসংখ্যানের বিচারে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কাছাকাছি নেই আর কেউ। কিন্তু এই দুইজনের মধ্যে সেরা কে? এই বিতর্কে একেকজনের মত যায় একেকজনের পক্ষে। এবার এ বিতর্কে মুখ খুলেছেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডারের কাছে রোনালদোর চেয়ে এগিয়ে মেসি।
এক দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য করছেন মেসি ও রোনালদো। এই সময়ে রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা অধিনায়ক মেসি, তাঁর চেয়ে কেবল একটা কম ব্যালন ডি’অর নিজের ঝুঁলিতে পুরেছেন পর্তুগিজ তারকা রোনালদো।
এই দুইজনের তুলনা করতে গিয়ে আর্জেন্টিনার নিউজ এজেন্সি টেলামকে বেকহ্যাম বলেন, ‘খেলোয়াড় হিসেবে মেসি তাঁর জায়গায় একাই। তাঁর মতো আরেক জন থাকা অসম্ভব। ফুটবলার হিসেবে আর কেউ তাঁর মতো নয়। রোনালদোর মতো যারা তাঁর পর্যায়ে পৌঁছাতে পারেনি, সে তাদের চেয়ে উঁচুতে রয়েছে।’
ফুটবল ক্যারিয়ারে রোনালদোর বিপক্ষে কখনও খেলা হয়নি বেকহ্যামের। তবে সাবেক এই ইংলিশ মিডফিল্ডার ২০১৩ পিএসজিতে খেলার সময় একবার মুখমুখি হয়েছিলেন মেসির। বেকহ্যাম মেসি ও রোনালদোকে নিয়ে আরও যোগ করেন, ‘ওদের টেকনিক ও মেধা একই রকম হতে পারে। একই সময়ে তাদের খেলা দেখতে পারা ফুটবলের জন্য অসাধারণ। তবে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি অনন্য।’

