স্পোর্টস ডেস্ক : নিশ্চয় ঘরে মন বসছে না নাপোলির। নয়তো ইতালিতে করোনার ভয়াবহতার মধ্যেও কেন অনুশীলনে যেতে চায় ফুটবল ক্লাবটি! ২৫ মার্চ থেকে অনুশীলন করতে মাঠে নামবে তারা।
কোভিড-১৯ এর বিস্তার বেড়েই চলেছে ইতালিজুড়ে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের কঠোর পদক্ষেপ নিলেও নিস্তার মিলছে না। ৯ মার্চ থেকে সব ধরনের খেলা বন্ধ দেশটিতে।
সিরি ‘আ’ ক্লাবগুলোতেও হানা দিয়েছে করোনাভাইরাস। জুভেন্টাস, সাম্পদোরিয়া ও ফিওরেন্তিনার বেশ কয়েকজন ফুটবলারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। অবশ্য নাপোলির খেলোয়াড় ও কোচিং স্টাফরা এখনও করোনামুক্ত।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘এসএসসি নাপোলি ঘোষণা করছে, ২৫ মার্চ বুধবার টেকনিক্যাল সেন্টারে দল অনুশীলন শুরু করবে।’
অবশ্য ইতালিয়ান খেলোয়াড়দের ইউনিয়ন (এআইসি) প্রেসিডেন্ট দামিয়ানো তমাসি সতর্ক করে বলেছেন, ‘দেশটি এখনও অবরুদ্ধ। এরই মধ্যে খেলোয়াড়দের মাঠে ফেরা হতে পারে বিপজ্জনক।’
আগামী ৩ এপ্রিল পর্যন্ত ফুটবলসহ সব ধরনের খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ক্লাবগুলো আবার কবে মাঠে নামতে পারবে, তা নিয়ে শঙ্কার মেঘ এখনও কাটেনি।

