স্পোর্টস ডেস্ক : সম্প্রতি দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গের জন্য উমর আকমলকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৪.৭.১ ধারা অনুযায়ী উমরের অপরাধ, তিনি পিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রমে সহযোগিতা করেননি।
তবে শুধু তাই নয়। এর আগেও নেতিবাচক শিরোনামে ছিলেন উমর। ফিটনেস ট্রেনারের সঙ্গে বাজে আচরণ করে পিসিবির কাছ থেকে তিরষ্কৃত হন উমর। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাল ইংরেজি বলে নিয়মিত ট্রলের শিকার তো হচ্ছেনই। অথচ উমর আকমলকে পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হতো।
পাকিস্তান ক্রিকেটকে এখনো অনেক কিছু দেওয়ার আছে উমর আকমলের। এমনটাই মনে করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তবে এর জন্য শুধরাতে হবে উমরকে। পারিবারিক জীবনে উমর ক্রিকেটার কামরান ও আদনান আকমলের ভাই। এছাড়াও আরেক পাকিস্তানি গ্রেট লেগস্পিনার আবদুল কাদিরের মেয়ের জামাতা। শ্বশুরের কথা ভেবে হলেও উমর আকমলকে শুধরানোর পরামর্শ দিয়েছেন মিয়াঁদাদ।
পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির মারা গেছেন বেশ কিছুদিন হলো। হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান কাদির। তার চলে যাওয়া ক্রিকেট দুনিয়ার জন্য ছিল বড় ধাক্কা। মিয়াঁদাদ তার বন্ধু কাদিরের কথা উল্লেখ করে উমরকে শাসিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেন, ‘উমর আকমল, তোমার শ্বশুর আবদুল কাদির ছিলেন একজন গ্রেট ক্রিকেটার। তিনি আমার বন্ধু ও সতীর্থ ছিলেন। আমি তোমাকে সতর্ক করছি, তুমি যদি নিজের আচরণ না শুধরাও, তাহলে আমি আমার বন্ধুর হয়ে তোমাকে দায়ী করব। আমি আকমলের মা–বাবাকে অনুরোধ করছি, তারা যেন তাদের ছেলেকে নিয়ন্ত্রণের মধ্যে আনেন।’

