স্পোর্টস ডেস্ক : আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল এখনো ভারত। তবে নিউজিল্যান্ডের মাটিতে শীর্ষ দলের মতো পারফরম্যান্স দেখাতে পারেনি বিরাট কোহলির দল।
হোয়াইটওয়াশের শিকার হয়েছে। তবে নিউজিল্যান্ড যখন ভারত সফরে আসবে তখন ‘দেখিয়ে দিবে’ ভারত। এমনটাই বলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ৭ ম্যাচের প্রতিটিতে জিতেছিল ভারত। এরমধ্যে ঘরের মাঠে খেলেছিল ৫টি ও বাইরে ২টি। বাইরে বলতে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে খেলে ভারত। দুটো ম্যাচেই বড় ব্যবধানে জিতে ভারত। এছাড়াও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে ম্যাচ জিতে ভারত।
ফলে নিউজিল্যান্ড সফরে ভারতের জয়ের আশা করে ছিল ক্রিকেট বোদ্ধারা। টি-টোয়েন্টিতে কিউইদের ধবলধোলাই করে ভালো শুরুও করে ভারত। এরপরে ফরম্যাট বড় হওয়ার সঙ্গে ভারতের পারফরম্যান্সেও ভাটা পড়তে শুরু করে। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্টেও একই ফলাফল বরণ করে নেয় ভারত।
তবে টেস্টে ভারতের হার ছিল অসহায় আত্মসমর্পণের মতো। প্রথম টেস্টে চারদিনের মধ্যে ১০ উইকেটের হার শিকার করে নেয় ভারত। আর দ্বিতীয় টেস্টে তো তিনদিন পুরোটাও খেলতে পারেনি ভারত। হারে ৭ উইকেটে। তবে দলের হার সহজে মানতে পারেননি কোহলি।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে যখন জয়ের দ্বারপ্রান্তে তখন স্লিপে দাঁড়িয়ে স্লেজিং করছিলেন কোহলি। সে সময় বলে ওঠেন, ‘তারা যখন ভারতে আসবে, দেখিয়ে দিব আমি।’ ভারতীয় অধিনায়ক এ কথা দিয়ে কি ইঙ্গিত করেছেন তা বেশ স্পষ্ট। নিউজিল্যান্ডের মাঠে নিজের রানখরা, দলের তিনদিনে হারের বদলা দেশের মাটিতেই নিবেন ভারতীয় অধিনায়ক।

