স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামিকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করার পাশাপাশি সাম্মানিক নাগরিকত্ব দিতে যাচ্ছে পাকিস্তান। আগামী মাসে দেশটির রাষ্ট্রপতি ড. আরিফ আলভি নাগরিকত্ব ও পুরস্কার তুলে দেবেন। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে স্যামির যে অবদান সে কারণেই তাকে পুরস্কৃত করা হচ্ছে। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এমন সম্মান পেতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি আগামী ২৩ মার্চ ড্যারেন সামির হাতে সাম্মানিক নাগরিকত্ব ও বেসামরিক পুরস্কার তুলে দেবেন। পাকিস্তান ক্রিকেটে অবদান রাখার জন্য এ সম্মান দেওয়া হচ্ছে তাকে।’
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন এ ক্যারিবীয় ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদী স্যামিকে এমন পুরস্কার দিতে প্রথমে প্রস্তাব তোলেন। আফ্রিদি জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্যামি প্রথম ক্রিকেটার যে পাকিস্তানে এসে খেলতে হ্যাঁ বলেছেন। সে পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় বিদেশি ক্রিকেটার।’

