স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানির দল নরউইচ সিটি। অথচ শনিবার রাতে শীর্ষে থাকা লিভারপুলের কী পরীক্ষাটাই না নিল তারা। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত জালের নাগাল পেতে দেয়নি সালাহ-ফিরমিনোদের। অবশেষে বদলি খেলোয়াড় সাদিও মানে এসে অচলবস্থার অবসান ঘটান। লিভারপুলের জার্সি গায়ে সব ধরনের প্রতিযোগিতায় তার শততম গোলে ভর করে অলরেডরা জয় পেয়েছে ১-০ ব্যবধানে।
এই জয়ের ফলে ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে গেছে জার্গেন ক্লপের শিষ্যরা। যা প্রিমিয়ার লিগের সবশেষ ৩৪ ম্যাচের তাদের ৩৩তম জয়। আর চলতি মৌসুমে টানা ১৭তম জয়। এই জয়ের ফলে লিভারপুলের উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমও নিশ্চিত হয়েছে। যেহেতু ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর মাত্র পাঁচটি ম্যাচে জয় পেলেই ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত হবে লিভারপুলের।
শনিবার নরউইচের মাঠে লিভারপুল একের পর এক আক্রমণ শানিয়েছে। কিন্তু জালের নাগাল পাচ্ছিল না। সাদিও মানে গোল করার আগে তারা অন টার্গেটে ১৭টি শট নিয়েছিল। কোনোটি থেকেই গোল পায়নি। পক্ষান্তরে নরউইচ অন টার্গেটে শট নিয়েছিল মাত্র ১টি! কৃতিত্ব দিতে হবে নরউইচের গোলরক্ষক টিম কুর্লকে। তিনি দুর্দান্ত সব সেইভ করেছেন। মোহাম্মদ সালাহ ও ন্যাবি কেইটার দুর্দান্ত চেষ্টা দুইবারের প্রচেষ্টায় নসাৎ করে দেন তিনি।
অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে সাদিও মানে তাকে পরাস্ত করতে পারেন। শেষ পর্যন্ত মানের গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।
২৬ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৭৬ পয়েন্ট। ২৫ ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সংগ্রহ ৫১ পয়েন্ট। ২৬ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে নরউইট সিটি রয়েছে পয়েন্ট টেবিলের ২০তম অবস্থানে।

