নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-২০১৮ নিয়োগ প্যানেলে চায় চাকরি প্রত্যাশীরা।
তাদের দাবি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ভাইভায় অংশগ্রহণকারী সবাইকে যেন প্যানেল করে অবিলম্বে নিয়োগ দেওয়া হয়।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এসময় জানানো হয়, ২০১৮ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগে এবারই প্রথম সারা দেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রায় ৩৭ হাজার ১৪৮ জন নিয়োগ বঞ্চিত হন।
সংগঠনের সভাপতি আব্দুল বাতেন বলেন, রিট জটিলতার কারণে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগে কোনো সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। ফলে বিদ্যালয়ে শূন্য আসনের ভিত্তিতে এই ৩৭ হাজার ১৪৮ জনকে নিয়োগে সুপারিশ করতে হবে।

