ঢাকাSunday , 2 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালি সফরে ইইউকে বন্ধুত্বের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে চার দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বন্ধুত্বের বার্তা দেবেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই সফর সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন।
মন্ত্রী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বিমানটি বিকেল সোয়া ৪টার দিকে (ইতালীয় সময়) রোমের ফিয়ামিকিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
সন্ধ্যায় পারকো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পাজাজো চিগিতে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং সরকারি মধ্যাহ্নভোজনে যোগ দেবেন তিনি।
পরদিন বিকেলে, ইতালীয় ব্যবসায়ী সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারকো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে সাক্ষাৎ করবেন তিনি। সন্ধ্যায়, পারকো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ রাষ্ট্রদূতের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় (ইতালীয় সময়) এমিরেটস এয়ারলাইন্সের হয়ে মিলান মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানাবেন।
৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
অবৈধ বাংলাদেশিদের বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী বলেন, অবৈধ বাংলাদেশি যারা ইতালিতে আছেন, তারা অনেকে সেখানে এখনো থাকতে পারছেন। তবে আমরা চাই না কেউ অবৈধ থাকুক। ট্রা
ভেল এজেন্সির মাধ্যমে যাওয়াটা অন্যায় কাজ জানিয়ে তিনি বলেন, ট্রাভেল এজেন্সি অনেককেই প্রথমে লিবিয়ায় নিয়ে যায়, পরে অত্যাচার করে টাকা আদায় করে, নৌকায় করে সাগরে ভাসিয়ে দেয়, তারা ডুবে মারা যায়। অভিভাবকদের বলব টাকা না দিতে। বরং সেই অর্থ দিয়ে দেশে ব্যবসা করুক। আমরা ১৮টি প্রতিষ্ঠানের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছি, তারা ব্যবস্থা নিয়েছে।
ব্রেক্সিট বিষয়ে ড. মোমেন বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিচ্ছেদের (ব্রেক্সিট) ফলে কোনো সমস্যা হবে না। ব্রেক্সিট বাংলাদেশ ও ব্রিটেন দুই দেশের জন্যই ভালো কিছু নিয়ে আসবে।
সীমান্ত হত্যা বেড়ে যাওয়া দুঃখজনক মন্তব্য করে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যে সম্পর্ক তার মধ্যেই সীমান্ত হত্যা বেড়ে যাওয়া দুঃখজনক। এটা আমাদের একটা উদ্বেগের বিষয়।
তিনি বলেন, সীমান্ত হত্যা নিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সীমান্তে কোনো নাগরিকের হত্যা কামনা করি না।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের পর্যবেক্ষক থেকে প্রত্যাহার করে নেওয়ায় সন্তোষ প্রকাশ করে ড. মোমেন।
তিনি বলেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচনে কূটনৈতিক মিশনগুলো বাংলাদেশি নাগরিকদের পর্যবেক্ষক থেকে প্রত্যাহার করে নেয়। এ জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই আনন্দিত, তারা দায়িত্বশীল আচরণ করেছেন।