ঢাকাSunday , 2 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ শতাংশের বেশি ভোট পড়েনি : সিইসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ ভালো হয়েছে। তবে ৩০ শতাংশের বেশি ভোট পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কেন্দ্র থেকে বের করে দেওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনো এজেন্ট অভিযোগ করেনি। আমি যেখানে গিয়েছি, সেখানে সব দলের এজেন্ট ছিল। আমি যেখানে ভোট দিয়েছি সেখানে জিজ্ঞেস করেছিলাম সেখানে বিএনপির এজেন্ট ছিল, আওয়ামী লীগের এজেন্টও ছিল। এজেন্টদের ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। ভোটকেন্দ্রে যদি গিয়ে থাকেন, সেখান থেকে বের করে দিলে অভিযোগ করতে হবে। এরকম অভিযোগ আমি পাইনি, নির্বাচন কমিশনেও কেউ অভিযোগ করেনি।’
তিনি বলেন, ‘‘আমরা এতক্ষণ টেলিভিশনের সামনে বসে ছিলাম। যারা ইভিএমে ভোট দিয়েছেন, তারা কেউই ইভিএমের বিরোধীতা করেনি। ইভিএম যে খারাপ সে বিষয়ে বলেনি। কেউ বলেছে একটু জটিল, একটু দেরি হয়েছে। অধিকাংশ লোক বলেছে যে, ইভিএমে ভোট দিয়ে স্বাচ্ছন্দবোধ করেছি।
‘ইভিএমে সহজে সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব হয়। ইভিএমে কখনো এক জনের ভোট আরেকজনে দিতে পারে না। একজনের ভোট দেয়া হয়ে গেলে ওই লোক আর দ্বিতীয়বার ভোট দিতে পারে না।’’
সিইসি আরো বলেন, ‘ভোট ভালো হয়েছে। ভোটারদের কেউ ভোট না দিয়ে কেন্দ্র থেকে আসেনি। যারা গিয়েছেন তারা ভোট দিয়েছেন। কোনো ভোটার বলেনি যে আমি ভোট দিতে পারিনি।’
নয়া পল্টনে সংঘর্ষের বিষয়ে সিইসি বলেন, ‘পল্টনে কী হয়েছে, সেটাতো এখান থেকে বলতে পারব না। সেটা তো তদন্তের বিষয়।’
ফিঙ্গার প্রিন্ট রেখে ভোটারদের বের করে দেয়া হয়েছে অনেকে এমন অভিযোগ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘না, এমন অভিযোগ পাইনি।’
একটি রাজনৈতিক দল নির্বাচন পরিচালনায় ব্যর্থতার জন্য আপনাকে পদত্যাগ করতে বলেছেন। আপনি কী পদত্যাগ করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না।’