নিজস্ব প্রতিবেদক : পারিবারিক বিরোধ, দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্ক প্রভৃতি কারণে শিশুকে হত্যা ও তাদের ওপর যৌন নির্যাতন বেড়েছে।
বুধবার বাংলাদেশ শিশু অধিকার ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ৪ হাজার ৩৮১টি শিশু নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮টি শিশু অপমৃত্যু এবং ১ হাজার ৩৮৩টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
২০১৯ সালে শিশুহত্যা বেড়েছে ৭.১৮ শতাংশ। প্রতি মাসে গড়ে ৩৭টি শিশু হত্যার শিকার হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে তুচ্ছ ঘটনা, পারিবারিক বিরোধ, দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শিশুর প্রাণ গেছে। গত ৫ বছরের মধ্যে ২০১৯ সালে শিশুহত্যা সবচেয়ে বেশি হয়েছে। ২০১৯ সালে ৪৪৮টি শিশুকে হত্যা করা হয়েছে। যেখানে ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৪১৮।
প্রতিবেদনে শিশু নির্যাতনকে ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো- অপমৃত্যু, যৌন নির্যাতন, অপহরণ, নির্যাতন ও সহিংসতা, আঘাতে মৃত্যু ও বাল্যবিবাহ।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩ হাজার ১৩৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতি মাসে ৫২টির বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনায় হওয়া মামলার মধ্যে গত ৫ বছরে মাত্র ১৬৪টি মামলার রায় হয়েছে। সবচেয়ে বেশি শিশুধর্ষণ হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ ও গাজীপুরে। এর মধ্যে সবচেয়ে ঢাকায় ১১৬টি শিশুকে ধর্ষণ করা হয়েছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। তারা জানায়, ১৫টি জাতীয় দৈনিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রকৃত অপরাধের সংখ্যা এর চেয়েও বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি।

