নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, সবাই আন্দোলন করছে। মূল উদ্দেশ্য ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা বলতে চাই, এটাই যেন শেষ ঘটনা হয়। এমন ব্যবস্থা নিতে হবে, যাতে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘এ ঘটনায় আমরা লজ্জিত। খুবই মর্মাহত। আমাদের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। আমরা সবাই সংক্ষুব্ধ।’
তিনি বলেন, ‘আমরা চাই, অপরাধীর যেন দ্রুত শাস্তি নিশ্চিত করা হয়। আমাদের দাবি হবে, সরকারের আইনি কাঠামোতে যদি কোনো ফাঁক-ফোকর থেকে থাকে, তাহলে তা যেন দূর করা হয়। আর কোনো মেয়ে যেন ধর্ষণের শিকার না হয়।’

