ঢাকাWednesday , 1 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানি নিয়ে বিশ্বে সহিংসতা বাড়ছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গত এক দশকে বিশ্বে পানি নিয়ে সহিংসতা বেড়েছে। এর আগের দশকগুলোর তুলনায় বিগত দশকে সহিংসতার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে বেসামরিক পানি সরবারহ ব্যবস্থার ওপর যেমন হামলা হয়েছে তেমনি ভারতের কয়েকটি রাজ্যে পানি নিয়ে সরকারবিরোধী বিক্ষোভও হয়েছে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্যাসিফিক ইনিস্টিটিউট তাদের নতুন গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের অনেক অংশে পানি সংকট নিয়ে উত্তেজনার পেছনে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, দুর্বল সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সংকটের কারণে চরম আবহাওয়া।
প্যাসিফিক ইনিস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি পিটার গ্লেইক বলেন, ‘পানির সংকট আরো বাড়ছে। কারণ এটা হচ্ছে এমন একটি জটিল সম্পদ যার জন্য লোকজন যা খুশি তাই করতে পারে’।
গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, গত জুনে ইউক্রেনের হরলিভকাতে একটি পানি সরবরাহ লাইনের ওপর গোলাবর্ষণ করা হয়। এর ফলে যুদ্ধক্ষেত্রের দুই পাশের ৩০ লাখ লোকের নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে ভারতের খরাপিড়ীত একটি রাজ্যে পানিসংকট নিয়ে গোলাগুলিতে নিহত হয় পাঁচ কৃষক। ২০১২ সালে ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশে পানিবাহী ট্যাংকারের বহরে বন্দুক হামলা চালানো হয়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে তাতেও পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানান গ্লেইক।
তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনে বিপুল হামলা হয়েছে। হামলা হয়েছে সিরিয়া আর ইরাকেও, যেখানে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে বারবার বেসামরিক পানি অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে’।
সিরিয়ার আলেপ্পোতে ২০১২ সালে একটি পানি সরববরাহ লাইনে হামলা চালানো হয়। যার ফলে তীব্র পানির সংকটে পড়ে ৩০ লাখ লোক। এর দুই বছর পর বিরোধীদের দখলকৃত এলাকার পানি পরিশোধন ও সরবারহ ব্যবস্থায় হামলা চালায় সিরিয়া সরকার। ২০১৪ সালে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট আলেপ্পোর পানি সরবারহ লাইনে বিষ মিশিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এর পরের বছরই জাবহাত আল নুসরা নামের আরেকটি গোষ্ঠী শহরের প্রধান পানি সরবরাহ লাইনে বোমা হামলা চালায়, যার ফলে বিষক্রিয়ায় আক্রান্ত হয় শহরের শতাধিক বাসিন্দা।
ইরাক, ইয়েমেন এবং আফ্রিকার সাহেল অঞ্চলেও পানি নিয়ে সহিংসতা ঘটেছে। ২০১০ সাল থেকে ভারতে পানি নিয়ে ৩১টি সহিংস ঘটনা ঘটেছে। এর আগের দশকে এই সংখ্যা ছিল ১১।
দ্য ওয়ার্ল্ড রিসোর্সেস ইনিস্টিটিউট গত আগস্টে জানিয়েছিল, ১৭টি দেশে বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ বাস করে। এই দেশগুলো চরম পানি সংকটজনিত চাপের মুখে রয়েছে। আবার এই দেশগুলোর ১২টিই মধ্যপ্রাচ্যে অবস্থিত।