স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই জুভেন্টাসের হয়ে এক ম্যাচে অনেক উঁচুতে লাফিয়ে হেডে করেছেন অসাধারণ এক গোল। কীভাবে উঁচুতে লাফাতে হয়, সেটা ক্রিস্টিয়ানো রোনালদোর তাই বেশ ভালোই জানা। পর্তুগিজ তারকা এবার লাফানোর কৌশল শেখালেন টেনিস তারকা নোভাক জোকোভিচকে।
দুজন ভিন্ন দুই খেলার বড় তারকা। তবে দুজনের সম্পর্কটা বন্ধুত্বের। শুক্রবার দুবাইয়ে একটি জিমে একসঙ্গে অনুশীলন করেছেন তারা। সেখানেই সার্বিয়ান টেনিস তারকাকে লাফানোর কৌশল শিখিয়েছেন রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রোনালদো মজা করেই লিখেছেন, ‘জোকোভিচকে শেখাচ্ছি কীভাবে লাফাতে হয়। তোমার সঙ্গে দেখা হওয়া এবং তোমার সঙ্গে অনুশীলন করাটা আমার জন্য আনন্দের বন্ধু।’
সেই ভিডিওতে লাল রঙের টি-শার্টে দেখা যাচ্ছে জোকোভিচকে। রোনালদো পরেছেন ধূসর রঙের টি-শার্ট। জিমের মধ্যে রোনালদোর সঙ্গে হাই জাম্প করেন জোকোভিচ। তারপর রোনালদো দেখান লাফানোর কৌশল। আর তা দাঁড়িয়ে দেখেন ১৬ বারের গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা।

