নিজস্ব প্রতিবেদক : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নাগরিক দেশটিতে থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত আনা হবে।
গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই কথা বলেছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের কতিপয় পত্রিকায় বা অনলাইনে ‘জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে তাদের গ্রহণ করা হবে’ শিরোনামে প্রকাশিত সংবাদ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন, ‘বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে অবহিত করে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত আনা হবে। এ নিয়ম কেবল ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর যেকোনো দেশে বাংলাদেশের নাগরিক অবস্থান করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা হয়।’
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মসূত্রে’ শব্দটি উল্লেখ করেননি। শব্দটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।

