নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের চারপাশের বায়ু দূষণ রোধে নীতিমালা প্রণয়ন করছে সরকার ।
মঙ্গলবার সকালে নীতিমালা প্রণয়ন করতে সরকারের গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির দ্বিতীয় সভা সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সচিব মো. আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী’র এর সভাপতিত্ব করেন।
সভায় প্রণীত খসড়া নীতিমালা এবং ঢাকা শহরের চারপাশের বায়ু দূষণ হ্রাসে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে রাস্তা, বিভিন্ন ইউটিলিটি সার্ভিস ও ভবন নির্মাণ, পুনঃনির্মাণ ও মেরামত কার্যক্রম চলাকালে অস্থায়ী বেষ্টনী দিয়ে নির্মাণ সামগ্রী ঢেকে রাখার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত এবং নির্মাণ চলাকালে দিনে দুইবার পানি ছিটানোর বিষয়টিও অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। ট্রাক বা লরিতে উন্মুক্ত অবস্থায় বালু, মাটি, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহনের মাধ্যমে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, রাস্তার পাশে পৌর বর্জ্য সংরক্ষণ ও পোড়ানো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।
তাছাড়া ইটভাটাসহ পরিবেশ দূষণকারী ধোয়া নিঃসরণকারী যানবাহনসমূহ বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার বিষয়টিও নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে মর্মে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
খসড়া নীতিমালা বিস্তারিত পর্যালোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহ প্রদত্ত সুপারিশ অন্তর্ভুক্ত করে জরুরি ভিত্তিতে নীতিমালা চূড়ান্ত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়।
সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ) আলমগীর মুহম্মদ মনসুরউল আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো ইমদাদুল হক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ,কে,এম রফিক আহাম্মদসহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা শহরের চারপাশের বায়ু দূষণ হ্রাস করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার জন্য মহামান্য হাইকোর্ট গত ছাব্বিশ নভেম্বর নির্দেশনা প্রদান করে।

