নিজস্ব প্রতিবেদক : ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
শুরুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেজর আশিকুর রহমান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-সামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, ব্র্যাকসহ প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নাগরিক সমাজের প্রতিনিধিরা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।


