নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই স্থগিত হলো ঢাকা-দিল্লি যৌথ নদী কমিশনের বৈঠক।
বুধবার দিল্লিতে অভিন্ন ছয় নদীর ডাটা আপডেট বিষয়ক দুই দিনের এ বৈঠক শুরু হওয়ার কথা ছিল।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিদল সফরের অনুমতি পায়নি। এরপর যৌথ নদী কমিশনের পক্ষ থেকে রাতে জানানো হয়, বৈঠকটি স্থগিত করা হয়েছে।
কমিশনের সদস্য কেএম আনোর হোসেন জানান, বৈঠকের জন্য নতুন একটি তারিখ তারা পরে ঠিক করে নেবেন।
মূলত অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে বার্ষিক এই বৈঠকে এবার পানিবণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে ছয়টি অভিন্ন নদীর হালনাগাদ করা তথ্য-উপাত্ত নিয়ে আলোচনার কথা ছিল। ওই আলোচনার ভিত্তিতে দুই দেশ ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নিত।
৩৪ বছর পরে অভিন্ন ছয় নদীর পানি বন্টন নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে এ বৈঠক হওযার কথা ছিল। নদী ৬টি হলো-মুহুরি, মনু, ধরলা, খোয়াই, গোমতি এবং দুধকুমার। এর আগে তিস্তা ও ফেনির পানি বণ্টন নিয়ে চুক্তি চূড়ান্ত করা হয় ২০১১ সালে। কিন্তু কোনো চুক্তি ওই সময় স্বাক্ষরিত হয়নি।
প্রসঙ্গত, আজ বুধবার প্রথম দিনে যৌথ কমিটির এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার কারিগরি কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ সচিবদের বৈঠকে তিস্তা ও ফেনীর পাশাপাশি ওই ছয়টি নদীর তথ্য-উপাত্ত হালনাগাদ করার সিদ্ধান্ত হয়।


