ঢাকাWednesday , 18 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ ও সম্মান দুই-ই মেলে

Link Copied!

নিউজ ডেস্ক : ‘সামাজিক মেলবন্ধনের জন্য অভিবাসন’ এই স্লোগানে অভিবাসী দিবস পালিত হচ্ছে আজ। দিবসটি উদযাপনে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ ও সম্মান দুই-ই মেলে’।
১৯৯০ সালের এইদিনে জাতিসংঘে গৃহীত হয়েছিল সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন।
বাংলাদেশের প্রবাসী আয়ের ক্রমবর্ধমান ধারাকে অব্যাহত রাখতে এবং সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জন্য সরকার দক্ষতা উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপের প্রেক্ষিতে দক্ষতাকে এ বছরের প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থানের অপরিসীম গুরুত্ব বিবেচনায় সরকার এ খাতকে ‘থার্স্ট সেক্টর’ হিসেবে ঘোষণা করেছে। নির্বাচনি ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি উপজেলা হতে গড়ে ১ হাজার জন যুব/যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন দেশে আরো প্রশিক্ষিত কর্মী প্রেরণ ও তাঁদের শ্রমলব্ধ আয়ের লাভজনক বিনিয়োগ এবং বিদেশে গমনকালে সহজ শর্তে ঋণপ্রাপ্তি ও বিদেশ থেকে ফেরার পর স্থায়ী কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ঋণ প্রদান সুনিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।’
শেখ হাসিনা বলেন, প্রবাসীদের কল্যাণে বিদেশ থেকেই জন্ম নিবন্ধন করা, ভোটার তালিকাভুক্ত করা, ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট প্রদান ইত্যাদি কাজ শুরু হয়েছে। প্রবাসীদের কল্যাণার্থে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁদের জন্য বীমা স্কিম চালুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অভিবাসন ব্যয় হ্রাস করতে এবং মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতার আওতায় আনতে সেন্ট্রাল ডাটাবেইজ তৈরি, নিয়োগ প্রক্রিয়ার সার্বিক অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।’
দিবসটি উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আজ বুধবার সকালে মানিক মিয়া এভিনিউতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে আগামীকাল ১৯ ডিসেম্বর দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠেয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) সভাপতি বেনজীর আহমেদ এমপি ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের বাংলাদেশ মিশন প্রধান গর্গিও গিগাউরি। সভায় স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।
এবারের উদযাপনে রয়েছে- অনাবাসী বাংলাদেশিদের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি সম্মাননা প্রদান, বিদেশগামী কর্মীদের জন্য প্রবর্তিত জীবন বীমা কর্মসূচির উদ্বোধন, প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, অভিবাসন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার সিআইপি (এনআরবি) সম্মাননার জন্য নির্বাচিত হয়েছে ১৪টি দেশের ৪২ জন অনাবাসী বাংলাদেশি।