নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এশিয়া ও ইউরোপের ৫৩টি দেশের সংগঠন আসেম-এর পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম বৈঠকে তিনি এ কথা বলেন।
১৬ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্পেনের রাজা সম্মেলনের উদ্বোধন করেন। এতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য রাখেন।
সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবর্তন চায় বাংলাদেশ।’ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন সূচকে অগ্রগতির চিত্র তুলে ধরেন। আগামী বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয়টি তুলে ধরেন।
আসেম সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
এ ছাড়া তিনি রাশিয়া, স্পেন ও চেক রিপাবলিকের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


